টাঙ্গাইলের মির্জাপুরে কোভিট-১৯ এ (করোনায়) ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৬ জন হলো।
বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম। ২৪ ঘণ্টায় ২০ জন আক্রান্ত হওয়ায় মির্জাপুরে আতংক ছড়িয়ে পরেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, মির্জাপুর পৌরসভায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী। মির্জাপুর পৌরসভায় আগামী ২ জুলাই পর্যন্ত লকডাউন চলছে। এলাকাবাসী পৌরসভার ৯ টি ওয়ার্ড ও ১৪ ইউনিয়নকে লকডাউনের দাবি জানিয়েছেন।
মির্জাপুর উপজেলায় এ পর্যন্ত ১৪৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যা টাঙ্গাইল জেলার ১২ উপজেলার মধ্যে সর্বাধিক। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। টাঙ্গাইলের ১২ উপজেলায় আজ বৃহস্পতিবার পর্যন্ত ৪৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মির্জাপুর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন। আক্রান্ত তালিকায় রয়েছেন সাংবাদিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, সরকারি অফিসের বেশ কয়েকজন কর্মচারী, জেলা শ্রমিক লীগের সভাপতি, ইউপি সদস্য, সাবেক কৃতি ফুটবলার, পুলিশ সদস্য, স্বাস্থ্য সহকারী, নার্স ও পোশাক শ্রমিকসহ ব্যবসায়ী।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক মোস্তাকিম বলেন, করোনায় নতুন ভাবে যারা আক্রান্ত হয়েছেন তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। আক্রান্তদের বাসা বাড়ির আশপাশে বাড়ি লকডাউন করা হচ্ছে। উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং স্বাস্থ্য বিভাগ দিনরাত কাজ করে যাচ্ছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য জনগণকে সচেতন করা হচ্ছে।
ইত্তেফাক/এমআরএম
