সিলেটে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৩২, গঠন করা হচ্ছে পুলিশের প্লাজমা ব্যাংক

আপডেট : ২৫ জুন ২০২০, ২০:১১

সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩২ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে বিভাগে কোনো করোনা রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময় সিলেট বিভাগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৪ জন। এছাড়া আইসোলেশনে আছেন আরও ৭০ জন। বৃহস্পতিবার দুপুরের স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানিয়েছেন। 

সিলেট বিভাগে নতুন শনাক্তের মধ্যে সিলেট জেলায় ৬৮ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ২৮ জন ও মৌলভীবাজারে নয়জন রয়েছেন। সুস্থ হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জে ৭২ জন, সিলেটে ৩১ জন এবং হবিগঞ্জে ছয়জন রয়েছেন। অপরদিকে মৌলভীবাজারে করোনা থেকে মুক্ত হয়েছেন ১৫ জন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ৭৬৩ জন। এর মধ্যে সিলেট জেলাতেই দুই হাজার ১২ জন, সুনামগঞ্জে ৮৯৫ জন, হবিগঞ্জে ৪৯২ জন ও মৌলভীবাজারে ৩৬৪ জন। বর্তমানে সিলেটের চার জেলায় ২৪৩ জন করোনা আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিভাগটিতে এ পর্যন্ত করোনায় ৬০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সিলেট জেলারই ৪৬ জন। 

সিলেট পুলিশের প্লাজমা ব্যাংক

সিলেট জেলা পুলিশের উদ্যোগে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়া পুলিশ সদস্যদের প্লাজমা সংগ্রহ করে প্লাজমা ব্যাংক করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংগ্রহ করা প্লাজমাগুলো অন্য আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় ব্যবহার করা হবে। এরই মধ্যে করোনা জয় করে সিলেটে কাজে ফিরেছেন ৫৮ পুলিশ সদস্য।

আরও পড়ুন: এক যুগেও হয়নি নতুন ব্রিজ, ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোতে পারাপার

গত বুধবার (২৪ জুন) বিকেলে সিলেট পুলিশ লাইনে সুস্থ হয়ে ফেরা পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন। এসময় তিনি প্লাজমা ব্যাংকের ঘোষণা দেন। তিনি বলেন, আগামীতে যেসব পুলিশ সদস্য করোনা আক্রান্ত হবেন, তাদের করোনাজয়ীরা প্লাজমা দেবেন। প্রয়োজনে সাধারণ মানুষকেও প্লাজমা দিয়ে সুস্থ হতে সহায়তা করবেন করোনাজয়ী পুলিশ সদস্যরা।

ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন ছিলেন। সূত্র মতে, সিলেট জেলা পুলিশের আওতাধীন বিভিন্ন থানার ৯৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হন।

ইত্তেফাক/এসি