ডেইরি খাতে কোভিডের প্রভাব মোকাবিলায় মত্স্য ও প্রাণিসম্পদ খাতে বরাদ্দ বাড়িয়ে ৫ হাজার কোটি টাকা করার প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট ফোরাম (বিডিডিএফ)। গতকাল বৃহস্পতিবার অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে ফোরামের সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃাতি, এমপি ১২ দফা দাবিসহ এ সুপারিশ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে মূল নিবন্ধ উপস্থাপন করেন, ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. কে বি এম সাইফুল ইসলাম। এতে বলা হয়, বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় ২ থেকে আড়াই কোটি লিটার তরল দুধ উত্পাদন হয়, যার বাজারমূল্য প্রায় ১০০-১২০ কোটি টাকা। কিন্তু কোভিডের প্রভাব শুরু হওয়ার পর উত্পাদিত দুধ বিক্রি করতে না পারায় খামারিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাছাড়া খামারিরা গাভিগুলোকেও পর্যাপ্ত গো-খাদ্য সরবরাহ করতে পারছে না। ফলে দেখা দিচ্ছে গবাদিপ্রাণির নানাবিধ অসুখ ও স্বাস্থ্যগত সমস্যা। তাছাড়া বিপণন ব্যবস্থা ভেঙে পড়ায় দুগ্ধ প্রক্রিয়াজাত কোম্পানিগুলোও সক্ষমতা অনুযায়ী দুধ সংগ্রহ, প্রক্রিয়া ও বিক্রয় করতে পারছে না। দুগ্ধ প্রক্রিয়াজাত কোম্পানিগুলোর ভাষ্যমতে, তাদের বিক্রি প্রায় ৪০-৫০ শতাংশে নেমে এসেছে। এমতাবস্থায় খামারিসহ সেক্টর সংশ্লিষ্ট সবার ক্ষতি বিবেচনায় বিগত তিন মাসে (মার্চ থেকে মে) এ খাতে লোকসান হয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা। এই কোভিড-১৯ পরিস্থিতিতে প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের সুরক্ষায় গো-খাদ্যের ওপর ভর্তুকি দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি আমদানিকৃত সব রকম দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্যে কমপক্ষে ২৫ শতাংশ শুল্ক আরোপ করার সুপারিশ করা হয়।
