চট্টগ্রামে এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুই জন হলেন—রুবেল ওরফে ভোলা ও সুমন। তাদের কাছ থেকে চোরাই মোবাইল কেনার অভিযোগে মাইকেল বড়ুয়া নামে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন জানান, গত মঙ্গলবার নগরীর সিআরবি এলাকায় রেলওয়ের পরিত্যক্ত বাংলো থেকে মালেকা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। আগের দিন রাতে ঐ নারীকে ইয়াবা সেবনের জন্য ফুসলিয়ে বাংলোর ভেতরে নিয়ে যায় কয়েক জন যুবক। ইয়াবা সেবনের পর ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে গলায় ফাঁস লাগিয়ে ঐ নারীকে খুন করা হয়। মৃত্যু নিশ্চিত করে মালেকার মোবাইল নিয়ে তারা পালিয়ে যায়। বিকালে কোতোয়ালি থানা পুলিশ সিআরবি এলাকায় রেলওয়ের পরিত্যক্ত বাংলো থেকে মালেকার লাশ উদ্ধার করে। গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতবাজার জামতলা বস্তি থেকে রুবেলকে এবং তার তথ্যের ভিত্তিতে সিআরবি রেলওয়ে হাসপাতাল এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়।
