করোনা চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে তান্ত্রিক কবিরাজ গ্রেপ্তার

আপডেট : ২৫ জুন ২০২০, ২২:৪৭

গাইবান্ধার সাদুল্লাপুরে করোনা চিকিৎসা দেয়ার নামে প্রতারণার অভিযোগে আটক তান্ত্রিক কবিরাজ আগুর বেপারীকে বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে বুধবার রাতে সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর (মুন্সিপাড়া) গ্রাম থেকে তাকে এলাকাবাসী আটক করে থানা পুলিশে সোপর্দ করে।

গ্রেপ্তারকৃত তান্ত্রিক কবিরাজ আগুর ওই গ্রামের মৃত উমর উদ্দিনের ছেলে। দীর্ঘদিন থেকে তিনি কবিরাজী ও তান্ত্রিক চিকিৎসা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। 

সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান, উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল মাজেদ মিয়ার ছেলে মাসুম মিয়া (২৫) সম্প্রতি জন্ডিসে আক্রান্ত হয়। এই জন্ডিস রোগের চিকিৎসার জন্য তিনি গত বুধবার সন্ধ্যায় তান্ত্রিক কবিরাজ আগুর বেপারীর বাড়ি যান। আগুর কবিরাজ তাকে দেখার পর জানায় জন্ডিস নয় তোমার করোনা হয়েছে। এই করোনা থেকে ভালো হতে তোমার ২৫ হাজার টাকা খরচ হবে। মাসুম মিয়া তাতে রাজী হয়ে করোনা চিকিৎসার জন্য কবিরাজকে অগ্রীম ৩ হাজার টাকা দেন। কবিরাজ তখন তাকে দুটি ডাল খাবার জন্য দেন এবং বলেন এই ডাল দুটি খেলে তোমার করোনা ভাইরাস ভালো হয়ে যাবে।

মাসুম  মিয়া জানান, এক পর্যায়ে তিনি বুঝতে পারেন কবিরাজ তার সঙ্গে প্রতারণা করছেন। তখন তিনি কবিরাজের বাড়ী থেকে চলে আসার চেষ্টা করেন। কিন্তু কবিরাজ তাকে বাকী টাকা প্রদান না করা পর্যন্ত বাড়ী ফিরত যেতে বাধা দেন। কবিরাজ তাকে জানান বাকী টাকা প্রদান না করিলে তোমার করোনাভাইরাস হওয়ার কথা ফাঁস করিয়া দিব ও পুলিশে ধরাইয়া দিব। এছাড়া আমার বাধ্যগত জ্বিন-পরি দিয়ে তোমার বিরাট ক্ষতি সাধন করিব। এসময় মাসুম ভয়ে চিৎকার করিলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার এবং কবিরাজকে আটক করে। 

ওসি মাসুদ রানা আরও জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।


ইত্তেফাক/আরকেজি