কুলাউড়ায় গাছ থেকে কাঁঠাল পেড়ে খাওয়ায় সালমান আহমদ (১৫) নামে এ কিশোরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৭ জুন) থানার ভাটেরা ইউনিয়নের জগত্পুর গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় সালমানের মা সালমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে থানায় মামলা করেন। এক সপ্তাহের মধ্যে গত বুধবার এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তোরাব খাঁকে উপজেলার ভাটেরা ইউনিয়নের জগত্পুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘কিশোর সালমান ঘটনার দিন তোরাব খাঁর মালিকানাধীন টিলায় গিয়ে গাছ থেকে পাকা কাঁঠাল পেড়ে খায়। এ সময় তোরাব খাঁ বিষয়টি দেখতে পেয়ে সালমানকে লাঠি নিয়ে দৌড়ানি দেয়। দৌড়ানি খেয়ে অপর একটি টিলায় গিয়ে সালমান পড়ে যায়। তখন তোরাব হাতে থাকা লাঠি দিয়ে সালমানকে পেটাতে থাকে। এতে নাক ও মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায় সালমান।
