২০৩৬ সাল বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতায় রাখতে গণভোট শুরু হয়েছে। গতকাল থেকে শুরু হওয়া গণভোট সাত দিন চলবে। পহেলা জুলাই ভোট শুরু হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাস মহামারির কারণে তা এগিয়ে আনা হয়েছে। সংবিধান সংশোধন করতেই এই গণভোটের আয়োজন করা হয়েছে। খবর আলজাজিরার
রায় পক্ষে আসলে পুতিন ফের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী পদে নির্বাচন করতে পারবেন। এভাবে আরো ১৬ বছর ক্ষমতায় থাকার অনুমোদন পাবেন প্রেসিডেন্ট পুতিন। রুশ কর্মকর্তারা জানান, পহেলা জুলাই যাতে বেশি ভিড় না হয় সেদিকে লক্ষ্য রেখেই আগেই ভোট কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। ১১ কোটি ভোটার এই গণভোটে তাদের রায় প্রদান করবেন। গতকাল বিভিন্ন ভোট কেন্দ্রে মাস্ক পরে ভোটারদের ভোট দিতে দেখা যায়। ভোট কেন্দ্রে প্রবেশের আগে তাপমাত্রা পরিমাপ করা হয়। গত ২২ এপ্রিল ভোট হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে সেটি স্থগিত করা হয়। পুতিন গত ২০ বছর ধরে রাশিয়ার ক্ষমতায় আছেন। ১৯৯৩ সালে একবার পরিবর্তন করা সংবিধান পুনরায় সংশোধন করতে গত জানুয়ারিতেই প্রস্তাব ওঠে। ইতিমধ্যে পার্লামেন্ট এবং সুপ্রিম কোর্ট অনুমোদন দিয়েছে। ৬৭ বছর বয়সি পুতিনের বর্তমান মেয়াদ শেষ হবে ২০২৪ সালে।
