করোনা পজিটিভ ডাক্তারের কাণ্ড

আপডেট : ২৬ জুন ২০২০, ০০:৪৭

তথ্য গোপন রেখে করোনা পজিটিভ সরকারি হাসপাতালের চিকিত্সক ডা. জাহাঙ্গীর আলম রোগী দেখেছেন বেসরকারি প্রাইম জেনারেল হাসপাতালে। এমন সংবাদে দ্রুত ব্যবস্থা নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। হাসপাতালটিতে রোগী ভর্তির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ৬ জুন নমুনা পরীক্ষার পর করোনা ভাইরাস আক্রান্ত বলে শনাক্ত হন চিকিত্সক ডা. জাহাঙ্গীর আলম। গত মঙ্গলবার প্রথম ফলোআপ রিপোর্টেও করোনা পজেটিভ আসে তার। নিয়ম অনুযায়ী বাড়িতে আইসোলেশনে থাকার কথা ছিল তার। কিন্তু তাকে পাওয়া গেছে শহরের প্রাইম জেনারেল হাসপাতালে রোগী দেখা অবস্থায়। গত বুধবার দুপুরেও শহরের ঐ হাসপাতালের ২০২ নম্বর কক্ষে রোগী দেখেন তিনি।  বিষয়টি জানতে পেরে ব্যবস্থা নেয় স্বাস্থ্য বিভাগ।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তথ্য গোপন রেখে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ডা. জাহাঙ্গীর আলম বেসরকারি প্রাইম জেনারেল হাসপাতালে নিয়মিত রোগী দেখছিলেন। আপাতত ঐ হাসপাতালে রোগী ভর্তি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।