ঢাকা মেডিক্যাল

করোনা ইউনিটে এ পর্যন্ত ৭১৬ জনের মৃত্যু

আপডেট : ২৬ জুন ২০২০, ০০:৪৭

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ৯ জন। এদের মধ্যে দুই জনের (কোভিড-১৯) পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া অনেকের নমুনা সংগ্রহ করা হয়েছে, তাদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। এ নিয়ে ঢাকা মেডিক্যালে করোনা ইউনিট চালুর ২ মে থেকে ২৫ জুন পর্যন্ত ৫৪ দিনে ৭১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শতাধিকের করোনা পজিটিভ ছিল। বাকিদের মৃত্যুকালীন পরীক্ষা হয়নি বলে তাদের অন্যান্য কারণে মৃত্যু হয়েছে বলে মৃত্যু সনদে উল্লেখ করা হয়।

এভাবে প্রতিদিন করোনার উপসর্গ নিয়ে করোনা ইউনিটে মারা যাচ্ছে অনেক রোগী। এ অবস্থায় ঢামেকে অনেক সাধারণ রোগী চিকিত্সা না পাওয়ার অভিযোগ করেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, করোনা ইউনিটে কোভিড পজিটিভ রোগী ছাড়া উপসর্গ আছে এমন রোগী, নিউরোসার্জারি, অর্থোপেডিকস, শিশু বিভাগের  রোগীরাও চিকিত্সা পাচ্ছে। তবে অনেক সাধারণ রোগী বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিত্সা না পেয়ে শেষ মুহূর্তে ঢাকা মেডিক্যালে আসে। যখন আসে তখন চিকিত্সকদের আর কিছু করার থাকে না।

গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে মৃতরা হলেন বুলু মিয়া (৫০), শাকিল (৪৫), আবুল কালাম আজাদ (৬২), কলিমউল্লাহ (৬৮), জাহানারা (৫৬), আব্দুল মান্নান (৭৫), গৌরাঙ্গ চন্দ্র দাস (৬০), অহিদুর রহমান (৬৫) ও শামসুল ইসলাম (২৫)।