সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ কমেছে। ২০১৮ সালে সুইজারল্যন্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের ৬১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁ (৫৫১৮ কোটি টাকা) জমা থাকলেও ২০১৯ সালে এর পরিমাণ দাঁড়িয়েছে ৬০ কোটি ৩০ লাখ সুইস ফ্রাঁতে (৫৩৮৬ কোটি টাকা)। (১ সুইস ফ্রাঁ=৮৯.৩৩ টাকা হিসাবে)।
সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) গতকাল বৃহস্পতিবার ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড-২০১৯’ বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখান থেকে বাংলাদেশিদের অর্থ জমার এ তথ্য পাওয়া গেছে।
সুইস ব্যাংকের তথ্যানুযায়ী বাংলাদেশিদের গচ্ছিত জমার পরিমাণ গত কয়েক বছরের মধ্যে ২০১৬ সালে সবচেয়ে বেশি ছিল। সে সময় জমার পরিমাণ ছিল ৬৬ কোটি ১৯ লাখ সুইস ফ্রাঁ (৫৯১২ কোটি টাকা)। ২০১৭ সালে কমলেও (৪৮ কোটি ১৩ লাখ ফ্রাঁ) সেটি আবার ২০১৮ সালে (৬১ কোটি ৭৭ লাখ ফ্রাঁ) বেড়ে যায়।
আমানতকারীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ না করায় সুইজারল্যান্ডের ব্যাংকগুলো ধনীদের অর্থ গচ্ছিত রাখার নিরাপদ স্থল বলে বিবেচিত। নাম পরিচয়ের পরিবর্তে কোড বা একটি সংখ্যা ব্যবহার করে সুইস ব্যাংকে অর্থ জমা রাখা যায়। আগে সুইস ব্যাংকে জমা অর্থের কোনো প্রতিবেদন প্রকাশ করা হতো না। ২০০২ সাল থেকে বিশ্বব্যাপী অর্থপাচার রোধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ব্যাপকভাবে কার্যকর হওয়ার পর বার্ষিক ভিত্তিতে জমা টাকার হিসাব দিচ্ছে সুইজারল্যান্ড।
