শুধু সচিবালয়ে বসে থাকাই মন্ত্রীর কাজ নয় :স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৬ জুন ২০২০, ০০:৫০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, ‘স্বাস্থ্য খাতে করোনার এই দুঃসময়ে কাজ করতে কেবল সচিবালয়ে এসে বসে থাকাই মন্ত্রীর একমাত্র কাজ নয়। বরং দেশের কোন হাসপাতালে কী কাজ হচ্ছে, মানুষ হাসপাতাল থেকে বিনা চিকিত্সায় ফিরে যাচ্ছে কি না, চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কোনো সমস্যা হচ্ছে কি না, কোনো মানুষ হাসপাতাল থেকে বিনা চিকিত্সায় হাসপাতাল থেকে ফিরে যায় কি না এগুলো দেখভাল করে ও খোঁজ নিয়ে যথার্থ উদ্যোগ নেওয়াটাই এখন আসল কাজ।’

গতকাল বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে গতকাল একটি পত্রিকায় ‘স্বাস্থ্যমন্ত্রী অফিস করেন না’ শিরোনামে যে সংবাদ পরিবেশন করা হয়েছে সে প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘পরিবেশিত সংবাদটি মিথ্যা ও জনমনে উসকানিমূলক।’