মানিকগঞ্জ সদর উপজেলায় আল আমিন (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জাগীর ইউনিয়নের পুরান বাইচাইল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
নিহত আল আমিন ঢাকুলি গ্রামের বাবুল মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হক জানান, প্রায় দেড় বছর আগে পুরানবাইচাইল এলাকার হামিদুর রহমান বাবুর মেয়ে কুলছুম আক্তার বর্ণার সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয় তাদের সাথে। বিয়ের এক বছর সুখে সংসার করার পর পারিবারিক কলহের জেরে দুই পারিবারের সমন্বয়ে বিবাহ বিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরেও তাদের দুজনের সাথে যোগাযোগ ছিল।
আরো পড়ুন: খালিয়াজুরীতে স্কুলছাত্র দীপু হত্যার বিচার দাবিতে বিক্ষোভ
বৃহস্পতিবার রাত দুইটার দিকে বাইচাইল এলাকার স্থানীয় ইউপি সদস্য মহিদুর রহমান আল আমিনের বোনকে মুঠোফোনে জানান, কুলসুমের (সাবেক স্ত্রী) বাড়ির পাশে আল আমিন গুরুতর আহতাবস্থায় পড়ে আছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, নিহত আল আমিনের পকেটে বিষ পাওয়া গেছে। তার মৃত্যুর পেছনে একটা মেয়ের সাথে প্রেম ঘটিত কারণ রয়েছে বলে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/বিএএফ
