লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার করোনার কোন উপসর্গ নেই। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন।
আরএমও আনোয়ার হোসেন জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন সম্প্রতি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে, তবে তার করোনার কোন উপসর্গ নেই। বর্তমানে নিজ বাসায় হোম আইসোলেশনে রয়েছেন তিনি।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন করোনা অবস্থার শুরু থেকে এখন পর্যন্ত জেলায় করোনা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও দুস্থদের মাঝ ত্রণ বিতরণ করে আসছেন। দেশের এই ক্রান্তিলগ্নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লক্ষ্মীপুরের সাধারণ মানুষের কল্যাণে প্রতিটি মুহুর্তে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি।
এদিকে দিনদিন বেড়েই চলেছে লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৪০ জন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সাতশ ছাড়িয়ে দাঁড়ালো ৭৩৩ জনে। তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায়। এই উপজেলা এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৩ জনে। এদিকে নতুন আক্রান্ত ৩২ জন সদর উপজেলার, ২ জন রামগঞ্জ উপজেলার, ৩ জন কমলনগর উপজেলার ও ৩ জন রায়াপুর উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১৬৭ জনের নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে ১২৭ জনের। আর পজেটিভ আসে ৪০ জনের। লক্ষ্মীপুরে সর্বমোট ৭৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে সদরে ৩৭৩জন, রামগঞ্জে ১২১জন, রায়পুরে ৬৮জন, কমলনগরে ১১৪জন ও রামগতিতে ৫৭জন রয়েছেন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০২জন। তাদের মধ্যে রামগঞ্জে চিকিৎসকসহ ৬৮ জন, সদরে প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, পুলিশসহ ১২৬জন, কমলনগরে চিকিৎসক ও নারী-শিশুসহ ৪০জন, রামগতিতে জনপ্রতিনিধিসহ ১৯জন এবং রায়পুরে জনপ্রতিনিধি, পুলিশসহ ৪৯জন। জেলার রামগঞ্জ ও সদর উপজেলায় শনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় করোনা পজেটিভ দুইজন রোগী মারা যায়। এছাড়া রামগঞ্জ উপজেলায় ছয়জন, সদর উপজেলায় তিনজন, রায়পুর উপজেলায় একজন, রামগতি উপজেলায় একজন ও কমলনগর উপজেলায় একজন মৃত ব্যক্তির করোনা পজিটিভ আসে। লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় থেকে সকলকে স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক সতর্কতার সঙ্গে জীবনাচার অনুশীলন করার অনুরোধ করা হয়।
ইত্তেফাক/আরকেজি
