টাঙ্গাইলের মির্জাপুরে (কোভিড-১৯) করোনার উপসর্গ নিয়ে কুমুদিনী হাসপাতালে বিশা মিয়া (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার রাতে কুমুদিনী হাসপাতালে তিনি মারা যান। আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম। তার গ্রামের বাড়ি ১০ নম্বর গোড়াই ইউনিয়নের গন্ধব্যপাড়া গ্রামে।
আজ নতুন করে আরও পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫১ জন।
মৃত বিশার পারিবারিক সূত্র জানায়, তিনি বেশ কিছু দিন ধরে জ্বর, শরীর ব্যাথা, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। গত ১৮ জুন করোনার পরীক্ষার জন্য নমুনা দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আজ পর্যন্ত করোনার নমুনা রিপোর্ট আসেনি। বৃহস্পতিবার বাড়িতে তার শারীরিক অবস্থার অবনতি হলে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক মোস্তাকিম বলেন, করোনায় যারা আক্রান্ত হয়েছেন তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং স্বাস্থ্য বিভাগ দিনরাত কাজ করে যাচ্ছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য জনগণকে সচেতন করা হচ্ছে।
ইত্তেফাক/এএম
