এমপি জেসী করোনায় আক্রান্ত

আপডেট : ২৬ জুন ২০২০, ১৮:১১

চাঁপাইনবাবগঞ্জের নারী সংসদ সদস্য ও প্রয়াত আওয়ামী লীগ নেতা ডা. আ.আ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের মেয়ে ফেরদৌসী ইসলাম জেসী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। 

তার ছোটভাই মেসবাহুল জাকের এ তথ্য নিশ্চিত করে জানান, জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে গত বুধবার করোনার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে চিকিৎসকরা রিপোর্ট পজিটিভ বলে জানায়। তিনি বর্তমানে সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে অবস্থান করে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। 

আরও পড়ুন: তিস্তার পানি বিপদসীমার ২০ সেমি ওপরে

এদিকে এমপি জেসীর সঙ্গে শুক্রবার বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, স্বামীসহ পরিবারের অন্য সদস্যদের মধ্যেও করোনা ভাইরাসের উপসর্গ রয়েছে। তাদের সবার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে এবং সকলেই করোনা ভাইরাসের চিকিৎসা নিচ্ছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ দেশবাসীর কাছে নিজ ও পরিবারের সকল সদস্যের জন্য দোয়া চেয়েছেন।

ইত্তেফাক/এসি