নাটোরের গুরুদাসপুরে একটি হাঁসের খামারের ১২৭টি হাঁসকে খাবারে বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে পৌর সদরের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খামার মালিক কাজী আতাহার হোসেন প্রতিবেশি দুই ব্যক্তিকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দিয়েছেন।
আতাহার হোসেনের অভিযোগ- প্রায় ১৫ বছর ধরে হাঁসের চাষ সাবলম্বী হয়েছেন। বাড়ির পাশের নন্দকুঁজা নদীর ধারেই তার হাঁসের খামার। দুপুর বেলার প্রখর রোধে হাঁসগুলো নদীর দক্ষিণপাশের প্রতিবেশীর আয়নাল ও ইমারানের বাঁশবাগানে আশ্রয় নেয়। এতে ক্ষিপ্ত ছিলেন আয়নাল ও ইমরান। দিন চারেক আগে বাঁশ বাগানে হাঁস যাওয়ার ব্যাপারে তাকে শাসান ওই দুই প্রতিবেশী। তারাই হাঁসের খাবারে বিষ দিয়ে হাঁসগুলো হত্যা করেছে।
আরও পড়ুন: উখিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ ডাকাত নিহত
তিনি আরও বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে খামারে হাঁস চাষ করছিলেন। খামারের ১২৮টি হাঁসের মধ্যে প্রায় ১২৬টি হাঁস প্রতিদিন ডিম দিচ্ছিল। তাতে দিনে গড়ে প্রায় বারোশ টাকার ডিম বিক্রি করতেন।
এদিকে আয়নাল ও ইমরান অভিযোগ অস্বীকার জানান, তাদের বিরুদ্ধে হয়রানীমূলকভাবে অভিযোগ করা হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/এসি
