১ জুলাই থেকে সকল ট্রেন চলাচল বন্ধ করল ভারত 

আপডেট : ২৬ জুন ২০২০, ২০:৩৬

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে ভারতে। করোনার মহামারি রোধে দেশটিতে ফের সকল রকম ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করল ভারতের রেল মন্ত্রণালয়। আগামী ১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত ভারতে সকল ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়।

ভারতের রেল মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, ১২ অগাস্ট পর্যন্ত দেশে সকলরকম প্যাসেঞ্জার, মেইল, এক্সপ্রেস ও শহরতলির ট্রেন চলাচল বন্ধ থাকবে। ১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত যেসব ট্রেনের টিকিট ইতিমধ্যেই বুক হয়েছে, সেসব টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেয়া হবে। তবে এই সময় মে ও জুনে ঘোষিত ২৩০ টি বিশেষ ট্রেন চলাচল করবে।

খবরে বলা হয়, লকডাউনের বিধিনিষেধ শিথিল করার পরেই ভারতে করোনা সংক্রমণ আরও দ্রুতগতিতে বাড়ছে। মার্চ মাস থেকেই দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। আর তখন থেকেই সারা দেশে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। দেশটিতে ১ জুন থেকে ২০০টিরও বেশি ট্রেন চলাচল শুরু করে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র নিজেই ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আইএসের পৃষ্ঠপোষক: পাকিস্তান

তবে দেশটির রেল কর্মকর্তারা জানিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ যে হারে বাড়ছে তাতে ট্রেনের স্বাভাবিক পরিষেবা আবার কবে চালু হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। লকডাউনের আগে ভারতে প্রতিদিন প্রায় ১২ হাজার ট্রেন চলাচল করত এবং তাতে দৈনিক প্রায় ২ কোটি মানুষ যাতায়াত করতেন।

ইত্তেফাক/আরআই