রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রামগতিতে চিংড়ি ধরা ও পরিবহন বিরোধী অভিযানে প্রায় ৪ লাখ গলদা চিংড়ি মাছের পোনা জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় পোনা পরিবহনের একটি পিকআপ ভ্যান জব্দ করলেও কাউকে আটক করা যায়নি। বৃহস্পতিবার রাতে উপজেলার চর রমিজ ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে পিকআপসহ এসব পোনা জব্দ করা হয়। পোনাগুলো ২০টি প্লাস্টিকের ড্রামে করে ব্যবসায়ীরা খুলনায় চালান করছিল। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাসসহ উপজেলা মত্স্য বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা জসিম উদ্দিন জানান, জব্দ করা পোনাগুলো উপজেলা পরিষদ এলাকায় মেঘনা নদীতে অবমুক্ত করা হয় এবং প্লাস্টিকের ড্রামগুলো ধ্বংস করা হয়।
