‘জয়ের তীব্র ক্ষুধাতেই এই সাফল্য’

আপডেট : ২৬ জুন ২০২০, ২১:৪৫

স্পোর্টস ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষিত ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের উদ্যাপনে লিভারপুল শহরে এখন আর কোনো সামাজিক দূরত্ব মেনে চলার বালাই নেই। যদিও, ইংলিশ ক্লাবটির বন্দনা কেবল আর লিভারপুলেই সীমাবদ্ধ নেই। ছড়িয়ে গেছে গোটা বিশ্বে।

লিভারপুল বন্দনার শুরুটা হলো ম্যানচেষ্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলাকে দিয়ে। লিগ জয়ের পথে এই গার্দিওলার ম্যানচেষ্টার সিটিই সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল তাদের। আগের দুবারের লিগ শিরোপা জয়ী গার্দিওলা মনে করেন, জয়ের তীব্র ক্ষুধাই য়ুর্গেন ক্লপের দলের এই শিরোপা সাফল্যের কারণ।

গার্দিওলা বলেন, ‘লিভারপুল দলের মধ্যে তীব্র ক্ষুধা ছিল। আমাদের মধ্যে এই জিনিসটারই অভাব ছিল। প্রতিটা ম্যাচেই ওরা নিজেদের উজাড় করে দিয়ে খেলেছে। এটাই বাস্তবতা। লিভারপুলকে অভিনন্দন।’

জয়ের কৃতিত্ব অবশ্যই খেলোয়াড়দের। তবে, কৃতিত্ব দিতে হয় কোচ ক্লপকেও। ৩০ বছর আগে শেষবার যার কোচিংয়ে অল রেডরা শিরোপা জিতেছিল, সেই কেনি ডালগ্লিশ বলেন, য়ুর্গেন ক্লপ গত দুই বছর ধরে বেশ ভালো করছেন। সে কোচ হিসেবে অসাধারণ। লিভারপুলের দলটাও দারুণ, ওরা সবাই মিলে চেষ্টা করেছে। সেই ফলাফলটা এখন সবার সামনে। যোগ্য দল হিসেবেই জিতেছে লিভারপুল।’

লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দেওয়া সাবেক কোচ রাফায়েল বেনিতেজ টুইটারে লিখেছেন, ‘৩০ বছরের অপেক্ষার অবসান হলো। লিভারপুলকে অভিনন্দন। সবার জন্য আমি দারুণ আনন্দিত।’ এই লিভারপুলেরই এক সময়ের সাড়া জাগানো তারকা স্পেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় ফার্নান্দো তোরেসও উচ্ছ্বসিত এই জয়ে। টুইটারে তিনি লিখেছেন, ‘এটা প্রত্যেক লিভারপুল সমর্থকদের জন্য একটা বিশেষ রাত। দীর্ঘদিন ধরে সবাই এই সময়টার জন্য অপেক্ষা করেছে। সবাইকে অভিনন্দন। যোগ্য দল হিসেবেই লিগ জিতেছে লিভারপুল।’