জননী সাহসিকা সুফিয়া কামাল আর শহিদজননী জাহানারা ইমামকে কথায় কবিতায় স্মরণ করা হলো। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় প্রেরণাদাত্রী দুই মহীয়সী নারী স্মরণে অনলাইনে এক অনুষ্ঠান হয় শুক্রবার সন্ধ্যায়। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর ও রেডিও স্বাধীন। স্মৃতিচারণ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ও ট্রাস্টি ও সদস্যসচিব সারা যাকের।
বক্তারা বলেন, সুফিয়া কামাল নারী মুক্তি, প্রগতিশীলতা ও গণতন্ত্রের আন্দোলনে প্রেরণাদায়ী ব্যক্তিত্ব অন্যদিকে শহিদজননী জাহানারা ইমামকে মুক্তিযুদ্ধের মা, মাটি ও মানুষের প্রতীক হয়ে জাতির কাছে মূর্ত হয়ে রইবেন চিরকাল।
অনুষ্ঠানে সুফিয়া কামাল ও জাহানারা ইমামের রচনা থেকে পাঠ ও আবৃত্তি করেন অভিনয় শিল্পী নিমা রহমান, আবৃত্তিশিল্পী নায়লা তরান্নুম চৌধুরী কাকলী। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী শারমিন সাথী ইসলাম ময়না। সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম। রেডিও স্বাধীন অনুষ্ঠানটি সম্প্রচার করে।
