যুক্তরাষ্ট্রের সরকারি বিশেষজ্ঞরাই জানিয়েছেন, দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বর্তমানের চেয়ে ১০ গুণ বেশি হতে পারে। সেখানে এক দিনেই সংক্রমিত মানুষের সংখ্যা প্রায় ৪০ হাজার যা সর্বোচ্চ। ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ৫ লাখে পৌঁছেছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন, করোনা ভাইরাস মোকাবিলায় ৩১ দশমিক ৩ বিলিয়ন ডলার অর্থের প্রয়োজন। এর মধ্যে ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার পাওয়া গেছে। আরো ২৭ বিলিয়ন ডলার অর্থ লাগবে। জরুরি ভিত্তিতে দরকার প্রায় ১৪ বিলিয়ন ডলার। খবর রয়টার্স ও আলজাজিরার
যুক্তরাষ্ট্রে ১০ গুণ বেশি আক্রান্ত
মার্কিন সেন্টারস ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর কর্মকর্তারা বুধবার রাতে সাংবাদিকদের জানান, রক্তের পরীক্ষার মাধ্যমে অনুমান করা হচ্ছে, আক্রান্তের সংখ্যা বর্তমানের চেয়ে ১০ গুণ। এরই মধ্যে দেশটিতে ২৪ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। কর্মকর্তারা বলছেন, কেবল উপসর্গ আছে এমন ব্যক্তিদের পরীক্ষা করা হচ্ছে। কিন্তু বাকিরা পরীক্ষার বাইরে থেকে যাচ্ছে। সেই হিসেবে এক জনের মধ্যে পজিটিভ পাওয়া গেলে ১০ জন আক্রান্ত বলে ধরে নেওয়া হয়। কারণ তার মাধ্যমে কতজন সংক্রমিত হয়েছে তা জানা যায় না। সিডিসি পরিচালক ড. রবার্ট রেডফিল্ড জানান, দেশের দক্ষিণ এবং পশ্চিমে যুবকদের মধ্যে অনেক পজিটিভ রোগী পাওয়া গেছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার প্রায় ৪০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এর আগে ২৪ এপ্রিল সর্বোচ্চ ৩৬ হাজার ৪০০ জন ছিল। দেশটিতে মারা গেছে ১ লাখ ২২ হাজারের বেশি মানুষ। এদিকে করোনা মহামারির মধ্যে ওবামাকেয়ার বাতিল করতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। এই স্বাস্থ্য কর্মসূচির মাধ্যমে লাখ লাখ মানুষ স্বাস্থ্যসেবা পেয়ে থাকে। ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এ পদক্ষেপের কড়া নিন্দা জানিয়েছেন। দেশটির জাতীয় বাস্কেটবলের ১৬ জন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন।
ভারতে আক্রান্ত প্রায় ৫ লাখ
দেশটিতে ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৯৬ জন সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯০ হাজারের ওপরে। এক দিনে মারা গেছে ৪০৭ জন। এতে করোনায় মোট মারা গেল ১৫ হাজার ৩০১ জন। সংক্রমণ ঠেকাতে দেওয়া লকডাউন শিথিল হওয়ার পর থেকেই দেশটিতে শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে।
