করোনায় বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমীর মৃত্যু

আপডেট : ২৬ জুন ২০২০, ২৩:২৯

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের চেইঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লাহ মালিক কাজেমী (৭৪) ইন্তেকাল করেছেন। গতকাল শুক্রবার বিকালে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ। অবশ্য তিনি বলেন যে, আল্লাহ মালিক কাজেমী হার্টের সমস্যা ভুগছিলেন। এজন্য হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তার করোনা ধরা পড়ে।

আল্লাহ মালিক কাজেমীর মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুর খবরে কেন্দ্রীয় ব্যাংকে শোকের ছায়া নেমে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, আল্লাহ মালিক কাজেমী সর্বশেষ বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদ যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্বে পালন করেন, তখন (২০০১ সাল থেকে ২০০৫ সালে) তিনি ডেপুটি গভর্নর ছিলেন। এর কয়েক বছর পর থেকেই তিনি ব্যাংলাদেশ ব্যাংকের চেইঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক (জেডি) শেখ ফরিদ উদ্দিন সোয়াদ মারা যান। তিনি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছিলেন।