সাহারা খাতুন ফের আইসিইউতে

আপডেট : ২৬ জুন ২০২০, ২৩:৩২

বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে আবারও ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল শুক্রবার সকালে ফের তাকে আইসিইউতে নেওয়া হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মজিবর রহমান। তিনি জানান, এর আগে সাহারা খাতুনের অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়।

মজিবর রহমান বলেন, ‘শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তার হার্টবিট পাওয়া যাচ্ছিল না। পাঞ্চ করে হার্টবিট ফিরিয়ে আনা হয়। এর পর বেলা ১১টার দিকে তাকে এইচডিইউ থেকে আবারও আইসিইউতে নেওয়া হয়েছে।’ তিনি বলেন, বুধবার তার চিকিত্সা নিয়ে একটি মেডিক্যাল বোর্ড বসে। পরে মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিত্সার জন্য তাকে বিদেশে নেওয়া যেতে পারে। সাহারা খাতুনের উন্নত চিকিত্সার জন্য দেশের বাইরে যাওয়ার বিষয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরিবারের আলোচনা হয়েছে বলেও জানান তিনি।