শেরপুরে গৃহবধূকে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৯:০৯

বগুড়ার শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. শিবলু আকন্দ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে খানপুর ইউনিয়নের খানপুর চরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মো. শিবলু আকন্দ উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর চরপাড়া গ্রামের মো. সারোয়ার উদ্দিন আকন্দের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর মধ্যপাড়া গ্রামের এক মুদি দোকানি তার স্ত্রীকে বাড়িতে রেখে ০১ জানুয়ারি আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ওই রাত অনুমান ১২টার দিকে শিবলু সিগারেট কেনার কথা বলে দোকানে গিয়ে ডাকাডাকি করতে থাকেন। একপর্যায়ে দোকানির স্ত্রী দরজা খোলার পর শিবলু  ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শিবলু পালিয়ে যায়।

আরো পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভুক্তভোগী এই গৃহবধূ জানান, দোকানের কাস্টমার সেজে শিবলু আকন্দ দরজা খুলতে বলে। এরপর সে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার সত্যতা স্বীকার করে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ধর্ষণের শিকার ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে সম্পন্ন হবে।

ইত্তেফাক/বিএএফ