মুন্সীগঞ্জে করোনায় পুলিশের প্রথম মৃত্যু

আপডেট : ২৭ জুন ২০২০, ১১:৫৩

মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার ( ডিএসবি) উচ্চমান সহকারী  মো. দুলাল শিকদার (৫২) আর নেই। শুক্রবার রাত সাড়ে ১১টায় করোনায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।

মুন্সীগঞ্জ পুলিশ বিভাগে করোনায় এটিই প্রথম মৃত্যু। দুলাল ছিলেন পুলিশ বিভাগের সিভিল স্টাফ।তাকে গ্রামের বাড়ি পিরোজপুরের কাঁঠালিয়ায় দাফন করা হবে। রাতেই তার কফিনবাহী লাশ পিরোজপুরের উদ্দেশে রওনা হয়েছে। 

জানা যায়, মুন্সীগঞ্জে কর্মরত অবস্থায় গত ১৮ জুন তার  কোভিড-১৯ শনাক্ত হয়। অবস্থার অবনতির কারণে তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি  করা হয়। শুক্রবার রাতে অবস্থার আরও অবনতি ঘটলে রাত ১০টার দিকে লাইফ সার্পোটে নেয়া হয়।  প্রথমে করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে। তাই তিনি স্বাভাবিক চলাফেরা করছিলেন। কয়েক দিন পরই তার আরেক সহকর্মীর করোনা শনাক্ত হয়। কিন্তু তিনি পরবর্তীতে আর পরীক্ষা করাননি। কিন্তু অস্বাভাবিক জ্বর এবং উপসর্গ দেখা দিলে আবার পরীক্ষা করালে করোনা পজিটিভ আসে। আগে থেকেই তার অ্যাজমা সমস্যা ছিল, করোনার পর শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি মুন্সীগঞ্জ পুলিশের বিশেষ শাখায় কর্মরত থাকার কারণে এখানে পরিচিত মুখ। ব্যস্ততম ডেস্কে দায়িত্বে থাকায় হরদম ব্যস্ততম সময় কাটাতেন। এরপরও তিনি কোন কাজে গেলে বিরক্ত হতেন না। সকলের কাছে ‘দুলাল’ নামটি অতি পরিচিত । তার মৃত্যুতে মুন্সীগঞ্জে শোকের ছায় নেমে আসে। অনেক সহকর্মী কান্নায় ভেঙ্গে পড়েন।

এদিকে দুলাল শিকদারের মৃত্যুতে মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল  মোমেন গভীর শোক জানিয়েছেন।

ইত্তেফাক/এমআরএম