জীবননগরে ডাকাতি, লাখ টাকা সোনার গয়না লুট

আপডেট : ২৭ জুন ২০২০, ১৫:৪৭

জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে হামিদুজ্জামান টিটুর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির কবলে পড়া পরিবার জানায়, ৬/৭ জনের মুখোশধারী একদল ডাকাত ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে দেড় লক্ষাধিক টাকা, সোনা ও রূপার গয়না এবং মোবাইল সেট লুট করে পালিয়ে গেছে। 

গৃহকর্তা হামিদুজ্জামান টিটু জানান, ডাকাত দল প্রাচীর টোপকে রান্না ঘরের গ্রিল কেটে ঘরের ভেতরে  ঢোকে। ফ্লাটের সব কয়টি রুমের দরজা খোলা থাকায় ডাকাত দল নির্বিঘ্নে ঘরে ঢুকে প্রথমে দুই ছেলে সাঈদ (২৪) ও তাজকে (১৬) বেঁধে ফেলে। পরে ডাকাতদল স্ত্রী ও তাকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং দুই ছেলেকে খুনের হুমকি দিয়ে আলমিরাতে রাখা এক লাখ ৫৬ হাজার টাকা, সাত ভরি সোনার ও ১৬ ভরি রূপার গয়না এবং ৫টি মোবাইল সেট লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই জীবননগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানাতে একটি অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন: পানির নিচেই ডুবে রইলো কৃষকের স্বপ্ন

এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ডাকাতির খবর পেয়ে রাতেই তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ কাজ করছে। 

ইত্তেফাক/এসি