বরিশালে অনলাইন প্ল্যাটফরমে ডিজিটাল মেলা আজ শুরু

আপডেট : ২৭ জুন ২০২০, ২১:৪৪

বরিশাল অফিস

প্রথমবারের মতো অনলাইন প্ল্যাটফরমে ডিজিটাল মেলা আজ ২৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বরিশালসহ সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং এটুআই-এর সহযোগিতায় বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ৬৪ জেলার ডিজিটাল কার্যক্রমকে জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে নাগরিকদের কাছে উপস্থাপনের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে ইন্টারনেটভিত্তিক অ্যাপ ‘জুমে’ ভিডিও কলের মাধ্যমে সংবাদ সম্মেলনে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। সরকারের বিভিন্ন উদ্যোগ ডিজিটাল মেলার মাধ্যমে অনলাইনে জনগণের সামনে তুলে ধরা হবে। মেলায় জেলা প্রশাসন, সিভিল সার্জনের কার্যালয়, শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়সহ বরিশালের ৩০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। জেলা প্রশাসক বলেন, ভিজিটররা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বরিশাল জেলার ওয়েবপোর্টাল ও জেলা প্রশাসন বরিশালের ফেসবুক পেজে প্রবেশ করে মেলা পরিদর্শন করতে পারবেন। একই সঙ্গে তারা সব জেলার মেলাও পরিদর্শন করতে পারবেন।