শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
শ্রীমঙ্গলে রেলওয়ের ওয়েম্যান পদে কর্মরত সকল অস্থায়ী শ্রমিকের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার সকালে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সামনে মানববন্ধন পালন করেন অস্থায়ী ওয়েম্যানরা। বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, রেলওয়ে এসএসএই/ওয়ে শ্রীমঙ্গলের অধীনে অস্থায়ী ওয়েম্যান (টিএলআর) হিসেবে চার/পাঁচ বছর ধরে কাজ করে আসছেন তারা। চার/পাঁচ বছরের দক্ষতা ও অভিজ্ঞতা থাকার পরও গত বছর ১ হাজার ১১৩ জন প্রার্থী ওয়েম্যান পদে পরীক্ষায় অংশ নিলেও আজ পর্যন্ত তাদেরকে ফলাফলে অন্তর্ভুক্ত করা হয়নি। ওয়েম্যান পদে চাকরি স্থায়ীকরণের দাবি করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, রেলওয়ের অস্থায়ী ওয়েম্যান মো. সাইফুল ইসলাম, আব্দুল হাই, বাবুল মিয়া প্রমুখ।
