উইন্ডিজ কোচের অভিমত
স্পোর্টস রিপোর্টার
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে বাটসম্যানদের কাছ থেকে একটা ভালো শুরু চান ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স। ইংল্যান্ডের দুর্দান্ত পেস অ্যাটাকের বিপক্ষে ব্যাটসম্যানদের কাছ থেকে বড় স্কোর আশা করছেন তিনি।
আগামী ৮ জুলাই থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। তার আগে নিজেদের মধ্যে দুটি দলে বিভক্ত হয়ে তিন দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজের পেস অ্যাটাকে রয়েছে অধিনায়ক জেসন হোল্ডার, কেমার রোচ, শানন গ্যাব্রিয়েল ও আলজারি জোসেফ। ওয়েস্ট ইন্ডিজের এই পেস অ্যাটাক প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। কারণ, বিগত টেস্ট ম্যাচেই সেই পরীক্ষায় সফল তারা। তবে বিগত বছরগুলোতে বড় রানের জন্য লড়াই করতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের। গেল বছর দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ইংল্যান্ডের মাটিতে ১৯৮৮ সালের পর থেকে কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি ক্যারিবীয়রা। সিমন্স জানান, অনুশীলনে ব্যাটসম্যানরা নিজেদের ভালো ফর্ম প্রদর্শন করেছেন এবং অনুশীলন ম্যাচটি একাদশ সাজাতে বড় ভূমিকা রাখবে।
