ক্রসফায়ার-গুম-খুন বিএনপি শুরু করেছিল :তথ্যমন্ত্রী

আপডেট : ২৭ জুন ২০২০, ২২:০৮

বিশেষ প্রতিনিধি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপির জন্ম হত্যার রাজনীতির মাধ্যমে এবং তারাই ক্রসফায়ার-গুম-খুন শুরু করেছিল। বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সাম্প্রতিক মন্তব্য—‘ক্রসফায়ার-গুম-খুনে রাষ্ট্র অমানবিক হয়ে উঠছে’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। গতকাল মিন্টো রোডে সরকারি বাসভবন থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মন্ত্রী।

গণমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যান উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে প্রতি বছর ৩১৭ জনের বেশি ক্রসফায়ারে, গুম হয়ে মৃত্যুবরণ করেছে। একই পরিসংখ্যান অনুযায়ী বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে এ সংখ্যা ১৮৭।

আক্ষেপের সুরে তথ্যমন্ত্রী বলেন, ‘মানুষ আশা করেছিল, করোনার এ সময়ে বিএনপি বাদানুবাদের রাজনীতি থেকে বেরিয়ে আসবে। কিন্তু প্রকৃতপক্ষে তারা তাদের চিরাচরিত মিথ্যাচার আর বিষোদগারের রাজনীতি ত্যাগ করতে ব্যর্থ হয়েছে। এমনকি তারা মানুষের পাশেও দাঁড়ায়নি।