মিটফোর্ডে নকল হ্যান্ড স্যানিটাইজারের খোঁজে র্যাবের অভিযান

আপডেট : ২৭ জুন ২০২০, ২২:০৯

বিশেষ প্রতিনিধি

রাজধানীর মিটফোর্ড এলাকায় নকল হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড রাবসহ নকল সুরক্ষাসামগ্রী উত্পাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে র্যাব। গতকাল শনিবার দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় র্যাব-১০ এ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান।

তিনি জানান, করোনা প্রাদুর্ভাবের সুযোগে পুরান ঢাকার আরমানিটোলা ও মিটফোর্ড এলাকায় নকল হ্যান্ড স্যানিটাইজার উত্পাদন ও বাজারজাত করা হচ্ছিল। মান না থাকায় এসব নকল স্যানিটাইজার বা হ্যান্ড রাব কোনো ধরনের সুরক্ষা দিতে পারে না। বরং এগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। গত বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানা এলাকায় নকল হ্যান্ড রাব কারখানায় অভিযান পরিচালনা করেন র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু। ঐ কারখানা থেকে প্রায় লক্ষাধিক বোতল নকল হ্যান্ড রাব জব্দ করেন ও তিন জনকে কারাদণ্ড এবং এক জনকে আর্থিক জরিমানা করেন।