মধ্যমেয়াদি বন্যা হতে পারে বেশ কয়েকটি জেলায়

আপডেট : ২৭ জুন ২০২০, ২২:৫১

দেশের প্রধান নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে চলতি সপ্তাহে দেশের কয়েকটি জেলায় স্বল্প বা মধ্যমেয়াদি বন্যার সম্ভাবনা রয়েছে। এই বন্যার মেয়াদ পাঁচ-সাত দিন অর্থাত্ জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মৌসুমি বায়ু শক্তিশালী ও সক্রিয় থাকায় উজানের ঢল ও দেশের উত্তরাঞ্চলে অতিরিক্ত বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে মধ্যমেয়াদি বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। বৃষ্টিপাত ও নদ-নদীর            অবস্থা নিয়ে বন্যা সতর্কীকরণ কেন্দ্রের শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। স্থিতিশীল থাকতে পারে লালমনিরহাট ও নীলফামারী জেলার বন্যা পরিস্থিতি। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা, সোমেশ্বরী এবং ভুগাই-কংশ নদীর পানি বিপত্সীমা অতিক্রম করতে পারে। এছাড়া ২৪ ঘণ্টায় যমুনা নদী সারিয়াকান্দি ও কাজিপুর পয়েন্টে এবং ৪৮ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে বিপত্সীমা অতিক্রমের সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন নদ-নদীর ১০১টি পয়েন্টের মধ্যে ৭৮টিতে পানি বেড়েছে। আর হ্রাস পেয়েছে ২৩টিতে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি স্থিতিশীল ও বিপত্সীমার নিচে অবস্থান করতে পারে। ধরলা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং তা বিপত্সীমার ওপরে অবস্থান করতে পারে।

গত ২৪ ঘণ্টায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সিকিম, আসাম, মেঘালয় ও ত্রিপুরা অঞ্চলে এবং বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি হয়েছে।

শুক্রবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ১০ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি ১০ দিন বাড়তে পারে। রবিবার থেকে সোমবার নাগাদ এই নদীর পানি গাইবান্ধা ফুলছড়ি, জামালপুরের বাহাদুরাবাদে, সিরাজগঞ্জের কাজিপুর, সিরাজগঞ্জ, বগুড়া জেলার সারিয়াকান্দিতে এবং মঙ্গলবার নাগাদ টাঙ্গাইলের এলাসিনে বিপত্সীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর ফলে এই জেলাসমূহে মধ্যমেয়াদি বন্যার সম্ভাবনা রয়েছে।

গঙ্গা-পদ্মা নদীর পানি বাড়তে পারে তবে এখনই বিপত্সীমা অতিক্রমের সম্ভাবনা নেই। পদ্মা নদী মুন্সিগঞ্জ জেলার ভাগ্যকূল পয়েন্ট এবং রাজবাড়ি জেলার গোয়ালন্দ পয়েন্টে বিপত্সীমা অতিক্রম করতে পারে। এসব জেলাসমূহে মধ্যমেয়াদি বন্যার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকার চারপাশের নদীসমূহের পানি সামান্য বাড়তে পারে। তবে তা বিপত্সীমা অতিক্রম করবে না বলে কেন্দ্র থেকে জানানো হয়েছে।