মামা-ভাগ্নে মিলে চুরি করল ২৪ লাখ টাকা

আপডেট : ২৭ জুন ২০২০, ২২:৫২

ব্যবসায়িক পার্টনারের ২৪ লাখ টাকা চুরির অপরাধে মামা-ভাগ্নেসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জাহিদুল ইসলাম রিপন (৩৪), মো. অহিদুর রহমান মিলন (২৬) ও আমিনুল ইসলাম (৩৫)। পুলিশ জানান, রিপন ও মিলন সম্পর্কে মামা-ভাগ্নে। আর আমিনুল ইসলাম রিপনের খালাতো ভাই।

ঘটনার বিবরণে জানা যায়, জাহিদুল ইসলাম রিপন ও জুয়েল ইসলাম মিঠু পুরোন ঢাকার হক মার্কেটে যৌথভাবে ফেব্রিক্স এর ব্যবসা করেন। গত মঙ্গলবার ব্যাংক থেকে ২৫ লক্ষ টাকা তোলেন ব্যবসায়ী জুয়েল ইসলাম মিঠু। সেখান থেকে তিনি এক লক্ষ টাকা পাওনাদারকে দেন। বাকি টাকা দোকানে রেখে তিনি জোহরের নামাজের জন্য বাইরে যান। এ সময় দোকানে রিপন ও দোকানের কর্মী ইমরান ছিলেন। কিছুক্ষণ পন রিপন কৌশলে ইমরানকে দোকানের বাইরে পাঠান চা আনার জন্য। ইমরান দোকানে এসে দেখেন রিপন সেখানে নেই। টাকাও নেই। এ ঘটনায়  মিঠু কোতোয়ালি থানায় একটা মামলা করেন। মামলার পর ডিএমপির কোতোয়ালি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাইফুল আলম মুজাহিদ আসামি গ্রেফতার ও টাকা উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেন।

সাইফুল আলম জানান, শুরুতে পুলিশের নানা কৌশল কাজে আসছিল না। আসামি বারবার স্থান পরিবর্তন করছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় দুই দিন নানা কৌশল অবলম্বন করেন তারা। কিন্তু আসামি বারবার অবস্থান বদলাচ্ছিলেন। পরে তার অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার গভীর রাতে খুলনা থেকে রিপনসহ তিন জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় সাড়ে ২৩ লাখ টাকা। বাকী ৫০ হাজার টাকা তারা খরচ করে ফেলেছে।