কাল অর্থবিল পাশ

প্রত্যাহার হচ্ছে পাঁচ দিনের মধ্যে বিল অব এন্ট্রি দাখিলের শর্ত

আপডেট : ২৭ জুন ২০২০, ২২:৫৭

বন্দরে আমদানিকৃত পণ্যবাহী জাহাজ আসার পাঁচ দিনের মধ্যে বিল অব এন্ট্রি (আমদানি পণ্যের বিবরণ শুল্ক কর্তৃপক্ষের কাছে দেওয়া) দাখিল করার নতুন শর্ত আরোপের প্রস্তাব করা হয়েছিল বাজেটে। তবে ব্যবসায়ীদের দাবি ও বাস্তবতা বিবেচনায় নিয়ে এই শর্ত প্রত্যাহার হচ্ছে।

অন্যদিকে আমদানিকৃত কাঁচামাল চার মাসের মধ্যে ব্যবহার না করা হলে ভ্যাট রেয়াত বাতিল সংক্রান্ত প্রস্তাবও প্রত্যাহার হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের বাজেট সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। ভ্যাট ও শুল্ক বিষয়ে আরো কিছু পরিবর্তন এনে কাল সোমবার পাশ হচ্ছে অর্থবিল। আর মঙ্গলবার পাশ হচ্ছে ২০২০-২১ অর্থবছরের বাজেট। ব্যবসায়ীরা বলছেন, ব্যবসায়ের পরিবেশের স্বার্থেই এসব বিধান বাতিল হওয়া দরকার। অন্যথায় ব্যবসায়িক কার্যক্রম জটিল হবে এবং বিদেশি বিনিয়োগও আসতে চাইবে না।

বন্দরে পণ্যবাহী জাহাজ আসার পর দীর্ঘ সময় পার হলেও অনেক আমদানিকারক বিল অব এন্ট্রি দাখিল করেন না। এর ফলে অনেক সময় জাহাজজট তৈরি হয়। আবার এসব কারণে কনটেইনার জটও তৈরি হয়। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অনৈতিকভাবে বিভিন্ন ধরনের শুল্কসংক্রান্ত সুবিধা নেওয়ার জন্যও এসব করে থাকেন বলে অভিযোগ রয়েছে।

তবে সম্প্রতি এই ইস্যুতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে        চিঠি পাঠিয়ে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রস্তাব যৌক্তিক নয়। অন্যদিকে গতকাল সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকেও বলা হয়েছে এই প্রস্তাবের ফলে জটিলতা বাড়বে। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এই প্রস্তাব যৌক্তিক নয় বলে জানান। তিনি বলেন, ইস্যুটি নিয়ে এনবিআরের সঙ্গে কথা হয়েছে। এটি প্রত্যাহারের বিষয়ে তারা ইতিবাচক মত দিয়েছেন।

বিজিএমইএর চিঠিতে বলা হয়, এই প্রক্রিয়ার সঙ্গে সরবরাহকারী, সরবরাহকারী ব্যাংক, শিপিং এজেন্ট, এলসি অ্যাপ্লিকেন্ট ব্যাংক, কুরিয়ার সার্ভিসসহ আরো কয়েকটি পক্ষ জড়িত থাকে। এছাড়া এলসিতে (ঋণপত্র) ডকুমেন্ট জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা থাকে, যা সরবরাহকারীর চাহিদামাফিক দিতে হয়। আবার কখনো কখনো জাহাজ আগে আসে কিন্তু ডকুমেন্ট পরে আসে। এটাই বাস্তবতা এবং স্বাভাবিক প্রক্রিয়া।

এছাড়া কাঁচামাল আমদানির বিষয়ে ব্যবসায়ী নেতারা বলছেন, অনেক সময় কাঁচামালের দাম কম হলে অনেকে তা আগাম কিনে রাখেন। কিন্তু চার মাসের মধ্যে তা ব্যবহারের বাধ্যবাধকতা দিলে অনেকের পক্ষেই তা পরিপালন করা সম্ভব হবে না।

এফবিসিসিআইর সহসভাপতি সিদ্দিকুর রহমান ইত্তেফাককে বলেন, সরকার বিদেশি বিনিয়োগ আনতে চায়। শিল্পোদ্যোক্তাদের এসব শর্তের মধ্যে আনলে বিদেশি বিনিয়োগ আসতে চাইবে না। এজন্য এ প্রস্তাব প্রত্যাহার করাই যৌক্তিক হবে।