স্বাস্থ্য খাতের দুর্নীতিতে জনজীবন আজ গভীর সংকটে :মেনন

আপডেট : ২৭ জুন ২০২০, ২২:৫৮

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, করোনা সংকটকালে সবচেয়ে বেশি নেতৃত্বের ভূমিকা পালনের কথা ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের। কিন্তু স্বাস্থ্য খাতের সমন্বয়হীনতা, পরিকল্পনার অভাব, অব্যবস্থাপনা ও দুর্নীতির ফলে মানুষের জীবন আজ গভীর সংকটে। এ অবস্থা চলতে থাকলে করোনাকে সঠিকভাবে মোকাবিলা করা সম্ভব হবে না। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে ভিডিওকলের মাধ্যমে যুক্ত হয়ে তিনি একথা বলেন।

‘স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও দুর্নীতি বন্ধ কর, কোভিড-১৯ পরীক্ষা ও ফলাফল দ্রুত প্রাপ্তি নিশ্চিত কর, জেলা-উপজেলা হাসপাতালে সক্ষমতা বৃদ্ধি কর’ শীর্ষক এই মানববন্ধনের আয়োজন করে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি।

মেনন বলেন, ইতিমধ্যে ওয়ার্কার্স পার্টির তরফ থেকে আমরা ১৩ দফা কর্মসূচি দিয়েছি। এখানে স্বাস্থ্য খাতকে পুনর্গঠনের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসেবায় চিকিত্সা সরঞ্জাম নিশ্চিত করার এবং স্বাস্থ্যকর্মীদের ঝুঁকিভাতা, এমনকি সাংবাদিকদেরও ঝুঁকিভাতার আওতায় আনার কথা আমরা বলেছি। এই তের দফার মধ্যে শ্রমিক ও কৃষক যারা দিন এনে দিন খাওয়া মানুষ তাদেরকে কীভাবে বাঁচিয়ে রেখে সামনে এগুবো সেকথা বলা হয়েছে। কিন্তু এটা একার কাজ নয়। সকল রাজনৈতিক শক্তিকে এখানে সংশ্লিষ্ট করতে হবে। দুর্ভাগ্য, ছয় মাসেও আমরা একাজে রাজনৈতিক শক্তিকে সংশ্লিষ্ট করার কোনো পদক্ষেপ লক্ষ্য করিনি। বরং রাজনীতিকে অপ্রাসঙ্গিক করে ফেলা হয়েছে।

ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর রতন, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক কিশোর রায়, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম ফজলু, মহানগর সদস্য শাহানা ফেরদৌসী লাকী, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার নাহার, বাংলাদেশ নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিউলী সিকদার প্রমুখ।