জাতীয় নিরাপত্তা আইনের মাধ্যমে হংকং-এর স্বায়ত্তশাসন ও নাগরিক স্বাধীনতা খর্ব করার অভিযোগ এনে চীনের কমিউনিস্ট পার্টির নেতাদের ভিসার ওপর নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, আইন করার ক্ষেত্রে যে সকল নেতাদের সংশ্লিষ্টতা রয়েছে, তারা নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে ভুল দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো বন্ধের আহ্বান জানিয়েছে দেশটি।
আলজাজিরার এক খবরে বলা হয়েছে, হংকং এর স্বায়ত্তশাসন খর্ব করতে সম্প্রতি জাতীয় নিরাপত্তা আইনের রূপরেখা প্রকাশ করেছে বেইজিং। আগামী সপ্তাহে চীনের পার্লামেন্টে বৈঠক হবে। ঐ বৈঠকে আইনটি পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সমালোচকরা বলছেন, এ আইনে হংকংবাসীর রাজনৈতিক ও নাগরিক স্বাধীনতা হুমকির মুখে পড়বে।
