প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্ব যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে অগ্রগতি বাংলাদেশের -প্রবাসী কল্যাণমন্ত্রী

আপডেট : ২৮ জুন ২০২০, ০০:২৮

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব আর নির্দেশনার কারণেই মার্কিন মানবপাচার প্রতিবেদনে এক ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অবৈধ কার্যকলাপের জন্য রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল, নিরাপদ অভিবাসন বিষয়ে সরকারের দেশব্যাপী প্রচারণা, আইনশৃঙ্খলা বাহিনীর তত্পরতা এই অর্জনে বিশেষ ভূমিকা রেখেছে। গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, মানবপাচারের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান জিরো টলারেন্স। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী, অভিবাসনের সঙ্গে যুক্ত সিভিল সোসাইটি ও গণমাধ্যমসহ সকল অংশীজনের ঐক্যবদ্ধ প্রয়াসের ফলে বাংলাদেশ এক্ষেত্রে সফল হচ্ছে।