করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় দেশে প্রথম উপজেলা পর্যায়ে নোয়াখালী জেলার চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সংযুক্ত ১৪ বেডের ২ টি আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়েছে। নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এর একক অর্থায়নে এটি স্থাপন করা হয়। শনিবার (২৮জুন) দুপুরে এর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এইচ এম ইব্রাহিম এমপি, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতিখার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. খন্দকার মোস্তাক আহম্মেদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু প্রমুখ।
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসার জন্য সেন্ট্রাল অক্সিজেন সংযুক্ত আইসোলেশন সেন্টারে গ্যাস সিলিন্ডারে হাসপাতালের ছাদে বসানো অক্সিজেন ট্যাংকি থেকে অক্সিজেন সরবরাহ করা হবে। ছাদে অক্সিজেনের ট্যাংকি বসানোসহ এ কাজে অন্যান্য যন্ত্রপাতি বসানোর কাজও শেষ হয়েছে। এখানে পুরুষদের জন্য ৮টি বেডের একটি এবং নারীদের জন্য ৬টি বেডের একটি আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। এখন থেকে এখানে রোগীদের জন্য সিলিন্ডার অক্সিজেনের প্রয়োজন হবে না।
আরো পড়ুন: নীলফামারীতে ছাটাই ও পুনঃবহালের দাবিতে শ্রমিক বিক্ষোভ, কারখানায় আগুন
এইচ এম ইব্রাহিম এমপি জানান, চাটখিল উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের এখানেই চিকিৎসা সেবা দেওয়া হবে। করোনা রোগীদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেনের। রোগীদের সুবিধার্থে অক্সিজেন সরবরাহে যেন কোন ত্রুটি না হয় সেজন্য তিনি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করেছেন।
হাসপাতালের প্রধান ডা. খন্দকার মোস্তাক আহম্মেদ জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ছাড়াও অন্যান্য গুরুতর জটিল রোগীদেরও এখান থেকে চিকিৎসা সেবা দেওয়া যাবে। তিনি আরো জানান, অক্সিজেনের ট্যাংকি থেকে সরাসরি রোগীদের বেডের সাথে থাকা সিলিন্ডারে অক্সিজেন সরবরাহ করা হবে।
ইত্তেফাক/এএএম
