কামারখন্দে ধান ও পাটের আবাদ বেড়েছে 

আপডেট : ২৮ জুন ২০২০, ১২:০৯

কামারখন্দে পাটের আবাদ বেড়েছে পাঁচগুণ আর আউস ধানের আবাদ বেড়েছে দ্বিগুণ। আবহাওয়া ও পাটের দাম ভালো হওয়ায় পাট চাষের দিকে ঝুঁকছে এই এলাকার কৃষকরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, উপজেলায় এ বছর ১ হাজার ২৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের পাটের আবাদ হয়েছে আর গত বছর পাটের আবাদ হয়েছিল মাত্র ২৫৪ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় পাঁচগুণ। অপরদিকে বেড়েছে আউস ধানের আবাদ এ বছর উপজেলায় এ ধানের আবাদ হয়েছে ১শ হেক্টরের বেশি জমিতে গত বছর এ ধানের আবাদ হয়েছিল ৬০ হেক্টর জমিতে। সে তুলনায় উপজেলায় আউস ধানের বেড়েছে প্রায় দ্বিগুণ। 

উপজেলার ঝাটিবেলাই গ্রামের কয়েকজন পাট চাষী জানান, আমরা কয়েক বছর তেমন একটা পাট চাষ করি নাই। এ বছর আগাম জাতের ধানের চাষ করে ধান কেটেই পাটের আবাদ শুরু করেছি। পাটের আবাদ এ বছর ভালই হয়েছে। পাটের বাজার দর আশানুরুপ হলে পাট বিক্রি করে লাভবান হতে পারবো।

উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, এবছর পাট চাষের জন্য আবহাওয়া অনুকুলে থাকা ও পাট চাষ সহজলভ্য হওয়ায় দিন দিন কামারখন্দ উপজেলায় পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। প্রতি বিঘায় ৮ থেকে ১০ মণ পাট উৎপাদন ও প্রতি মণ পাটের বাজার দর ১ হাজার ৬শ টাকা থেকে ২ হাজার টাকা হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের। একই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে আউস ধানের আবাদ। রোগ বালাই ও পোকামাকড় দমনে কৃষকদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে।

ইত্তেফাক/আরকেজি