এর আগে আমাদের চলচ্চিত্রে পরিচালকের ক্রেডিট লিস্টে দেখেছি ‘অনন্য মামুন টিম’ পরিচালনা। ঠিক একইভাবে বহুল আলোচিত শাকিব-ববির তারকাবহুল চলচ্চিত্র নোলক-এ পরিচালকের নামে দেখা গেল ‘শাকিব-সনেট’ নির্মাণ। উল্লেখ্য এর মাস কয়েক আগে চলচ্চিত্রটির প্রথম ঘোষিত পরিচালক রাশেদ রাহা ছবিটি নিয়ে অভিযোগ তুলেছিলেন। বিচার চেয়েছিলেন পরিচালক সমিতি বরাবর। কিন্তু তার ফলাফল আর পাওয়া যায়নি।
পরবর্তীতে নোলক ছবিটি এবারে মুক্তির দোরগোড়ায়। তাই স্বাভাবিকভাবেই কৌতুহল ছিল যে, ছবিটির পরিচালকের নাম কী হবে। অবশেষে প্রযোজক শাকিব-সনেট তার টিম হিসেবে নামটি প্রকাশ করে এই জটিলতার অবসান করলেন। এছাড়া এটা বলাই বাহুল্য, শাকিব খানের ছবিগুলো পরিচালকের বাইরে অনেকখানি শাকিবের নিজস্ব ছবি হিসেবেই প্রচার পায়। সেই সূত্রে নোলক ছবিটি তাই অনেকখানিই শাকিব-ববির ছবি হয়ে রইলো।
অন্যদিকে শাকিব খান বছরের শুরুতে আবারো কাজ শুরু করলেন বুবলীকে নিয়েই।
বছরের শেষদিকে জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের ব্যস্ত থাকার জন্য কোনো ছবির শুটিং হয়নি। নতুন বছরে আগামী ১২ জানুয়ারি প্রথমবারের মতো এ বছরে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন বুবলীকে নিয়েই। কাজী হায়াতের ৫০তম চলচ্চিত্র ‘বীর’-এ থাকছেন শাকিব খান। এদিকে নতুন বছরে একাধিক নবাগত’র সাথে কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন বাংলার এই সুপারস্টার।
