স্টাফ রিপোর্টার, রাজশাহী
এক বস্তায় ৩০ কেজি চাল, আরেক বস্তায় ১৩ পদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। বস্তার গায়ে লাগানো চিরকুটে লেখা ‘ভয় নেই, আমরা আপনার পাশে আছি, সুস্থতা কামনায় এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মেয়র, রাজশাহী সিটি করপোরেশন।’ এভাবেই অভয় দিয়ে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় করোনা আক্রান্তদের সহায়তায় তাদের বাড়িতে মেয়র খায়রুজ্জামান লিটনের উপহার হিসেবে খাদ্য সামগ্রীর প্যাকেজ পৌঁছে দেওয়া হচ্ছে। রবিবার (২৮ জুন) দুপুরে নগর ভবনে মেয়র খায়রুজ্জামান লিটন তার দপ্তরে ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন এবং ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলামের কাছে খাদ্য সামগ্রী হস্তান্তরের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রথমদিন ১৯নং ওয়ার্ডের ১১টি পরিবার, ১৮নং ওয়ার্ডের ৬টি পরিবার ও ৯নং ওয়ার্ডের ৬টি পরিবারকে মেয়রের উপহার সামগ্রী পৌছে দেওয়া হয়েছে। মেয়রের এই উপহার প্যাকেজ সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের কাউন্সিলরের মাধ্যমে করোনায় আক্রান্তদের বাড়িতে পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে।
জানা গেছে, বিশেষ খাদ্য প্যাকেজের তালিকায় রয়েছে, ৩০ কেজির এক বস্তা চাল, ৫ কেজি আটা, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ, ৩ লিটার তেল, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম সুজি, ৫০০ গ্রাম আদা, ৫০০ গ্রাম রসুন, ২০০ গ্রাম চা, ৫০ গ্রাম লং ও ২টি সাবান। এ ব্যাপারে মেয়র খায়রুজ্জামান লিটন ইত্তেফাককে বলেন, করোনায় আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার কারণে যেসব পরিবার লকডাউনে থাকছে, তাদের অন্তত ১৫ দিনের খাবার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি।
