এই সময়ের ছড়া
আখতারুল ইসলাম
পাখির মতো ফুলের মতো
গাছের ছায়ায় সবুজ মায়ায়
কাজল মাটির বুকে
দুঃখ গ্লানি যাক মুছে যাক
আলো ফুটুক চাঁদের মতো
হাসি সবার মুখে।
বদ্ধ এ দ্বার যাক খুলে যাক
যাক ঘুচে যাক আঁধার কালো
ভোরে ফুটুক আলো
নতুন একটি দিনের আশায়
নদীর বুকে নৌকো ভাসায়
মন যদি হয় ভালো।
সব মানুষের বুকের ভেতর
নতুন সুরে মাদল বাজুক
সৌহার্দ্য আর প্রেমে
এই বাড়ি আর এই শহরে
এই দেশ আর পৃথিবীতে
শান্তি আসুক নেমে।
