শেয়ারবাজার

ডিএসইতে সাড়ে ৯ বছরে সর্বোচ্চ লেনদেন

আপডেট : ২৮ জুন ২০২০, ২২:০৪

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্লাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেডের উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার কিনে নিতে শুরু করেছে ইউনিলিভার। জিএসকের শেয়ার ক্রয়ের করণে গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৫৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইতে সাড়ে ৯ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

ডিএসই সূত্রে তথ্য জানা গেছে, জিএসকে বাংলাদেশের মূল কোম্পানি যুক্তরাজ্যের সেটফার্স্ট লিমিটেড শেয়ার বিক্রির অনুমোদন দিয়েছে। এর অংশ হিসেবে ৩০ কার্যদিবসের মধ্যে তাদের হাতে থাকা ৯৮ লাখ ৭৫ হাজার ১৪৪টি শেয়ার ইউনিলিভারের সহযোগী প্রতিষ্ঠান ওভারসিজ হোল্ডিংস বিভি কিনি নেবে। কোম্পানিটির শেয়ার গতকাল ব্লক মার্কেটে ক্রয়-বিক্রয় হয়েছে। এর মাধ্যমে শুধু জিএসকেরই ২ হাজার ২২৫ কোটি ৩৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫৪৩ কোটি ২৫ লাখ ৫২ হাজার টাকার। যা ডিএসইতে ৯ বছর ছয় মাস ২২ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে ডিএসইতে ২০১০ সালের ৬ ডিসেম্বর এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ঐদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৭১০ কোটি টাকার। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৭৪ দশমিক ২২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ দশমিক ২৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক এক দশমিক ৪১ পয়েন্ট এবং সিডিএসইটি এক দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯২১ দশমিক ৭৪ পয়েন্টে, ১৩৩১ দশমিক ৭৩ পয়েন্টে এবং ৭৮৮ পয়েন্টে।

ডিএসইতে গতকাল ২৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৪টির বা ১৫ দশমিক ১২ শতাংশের, শেয়ার দর কমেছে ১২টির বা ৪ দশমিক ১২ শতাংশের এবং ২৩৫টির বা ৮০ দশমিক ৭৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৮৪ দশমিক ০১ পয়েন্টে। সিএসইতে গতকাল ১৩৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৯টির দর বেড়েছে, কমেছে ৯টির আর ৯৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৫১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।