প্রকল্প বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয় শীর্ষে
ইত্তেফাক রিপোর্ট
বহুল আলোচিত সাভারের চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) অবশিষ্ট কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। গত ডিসেম্বরে সিইটিপির কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ছয় মাস সময় বাড়ানো হয়, যা আগামীকাল শেষ হওয়ার কথা; কিন্তু সিইটিপির কাজ সম্পন্ন হয়নি। ফলে এবারও সমস্যা তৈরি হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে চামড়া রপ্তানি সহজ করার জন্য লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিওজি) সনদ পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল রবিবার শিল্প মন্ত্রণালয়ে এক ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে শিল্প প্রতিমন্ত্রী এ কথা জানান। চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) পর্যালোচনা উপলক্ষ্যে ঐ সভার আয়োজন করা হয়। শিল্প সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
এ সময় জানানো হয়, বৃহত্ বরাদ্দপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোর চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) পর্যন্ত প্রকল্প বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয় শীর্ষস্থানে রয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এডিপি বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, বৃহত্ বরাদ্দপ্রাপ্ত ১৫টি মন্ত্রণালয়ের মধ্যে শিল্প মন্ত্রণালয় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সর্বোচ্চ ৭৯ দশমিক ০৩ শতাংশ বরাদ্দ বাস্তবায়ন করেছে। সভায় জানানো হয়, কেরু অ্যান্ড কোম্পানির উত্পাদিত অ্যালকোহলের বিক্রি বৃদ্ধির লক্ষ্যে আরো পাঁচটি নতুন লাইসেন্স পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর দরখাস্ত করা হয়েছে।
