কাবিখার চাল আত্মসাত্

দুই ইউপি মেম্বারসহ ছয় জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৮ জুন ২০২০, ২৩:৪৮

সরকারের কাজের বিনিময় খাদ্য (কাবিখা) কর্মসূচির ৬৫৫ বস্তা বা প্রায় ৩৯ হাজার ৩০০ কেজি চাল আত্মসাতের অভিযোগে দুই জন ইউনিয়ন পরিষদ মেম্বরসহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত শনিবার দুদকের উপসহকারী পরিচালক নীলকমল পাল বাদী হয়ে খুলনার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং-দুদক সজেকা খুলনা (সাতক্ষীরা) মামলা নং-১৪।

মামলার আসামিরা হলেন সাতক্ষীরার কালিগঞ্জের তারালী ইউনিয়ন পরিষদের মেম্বর মো. শহিদুল ইসলাম, চাম্পাফুল ইউনিয়ন পরিষদের মেম্বর আব্দুল গনি, সাতক্ষীরা সদর থানার মো. লিয়াকত হোসেন সরদার, কালিগঞ্জের আব্দুল খালেক কারিকর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিরাজ হোসেন খান ও সাতক্ষীরার পাটকেলঘাটার গোবিন্দ সাধু। এই ছয় আসামির মধ্যে মো. শহিদুল ইসলাম, আব্দুল গনি, মো. লিয়াকত হোসেন সরদার ও আব্দুল খালেক কারিকর বর্তমানে গ্রেফতার রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টরা পরস্পর যোগসাজশে জাল-জালিয়াতি ও প্রতারণার আশ্রয়ে তাদের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বসভঙের মাধ্যমে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯টি কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পাদন না করে বরাদ্দকৃত সর্বমোট ৬৫৫ বস্তা বা ৩৯ হাজার ৩০০ কেজি চাল আত্মসাত্ করেন।