প্রয়াত আচরেকারকে শচিনের শ্রদ্ধা

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২১:১৯

শচিন টেন্ডুলকার তার শৈশবের কোচ রামাকান্ত আচরেকারের প্রতি শেষ শ্রদ্ধা জানান গতকাল বৃহস্পতিবার। আচরেকার ৮৭ বছর বয়সে গত বুধবার মারা যান। কোচের শেষ যাত্রায় মরদেহও বহন করেন ক্রিকেট কিংবদন্তি টেন্ডুলকার। ক্লাব পর্যায়ে কাজ করা কোচ আচরেকার মাত্র ১২ বছর বয়সে মুম্বাইয়ে টেন্ডুলকারকে আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে টেস্ট ও ওয়ানডেতে ১০০ সেঞ্চুরিসহ ৩৪ হাজারের বেশি রান করে ক্রিকেটের অনেক রেকর্ডই নতুন করে গড়েন শচিন। প্রিয় কোচের মৃত্যুতে দেয়া শোকবাণীতে ৪৫ বছর বয়সী টেন্ডুলকার বলেন, ‘আচরেকার স্যারের উপস্থিতিতে স্বর্গে ক্রিকেট সমৃদ্ধি লাভ করবে। আমার জীবনে  তার অবদান  ভাষায় প্রকাশ করা যাবে না। আমার আজকের ভিতটা তিনি গড়েছেন।’ প্রয়াত আচরেকারের স্বনাম ধন্য ক্রিকেটারদের মধ্যে আরো আছেন বিনোদ কাম্বলি ও প্রবীণ আমরে। তার মৃত্যুতে শোক জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার সম্মানে গতকাল শুরু হওয়া সিডনি টেস্টে ভারতীয় দল কালো ব্যাজ ধারণ করে মাঠে নামে। বাসস/এএফপি