রাজধানীর হাজারীবাগ থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন।
এর আগে সাংবাদিক কাজলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এসআই মো. রাসেল মোল্লা। এ সময় সাংবাদিক কাজলকে আদালতে হাজির করা হয়নি। তবে কারাগার থেকে তাকে উপস্থিত দেখানো হয়। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার সূত্রে জানা গেছে, নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) শামীমা নূর পাপিয়ার সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় গত ৯ মার্চ মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর রাজধানীর শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক শফিকুল ইসলাম কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা করেন।
