বিক্রয় ডটকমে বিজ্ঞাপন দিয়ে মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে সুমন হাওলাদার (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় গতকাল রবিবার রাতে তার বাবা মুজিবুর রহমান হাওলাদার রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, ‘তার ছেলে সুমন গুলশানে একটি প্রসাধনীর দোকানে চাকরি করে। তার নিজের ব্যবহূত মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-১৪-২৩৭৭) বিক্রির উদ্দেশ্যে বিক্রয় ডটকমে বিজ্ঞাপন দেয়। গত শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে তার মোবাইলে একটি ফোন আসে। ফোন পেয়ে সে মোটরসাইকেল নিয়ে ভাটারা থানার শেওড়া বাজার এলাকা থেকে বের হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে সে ফোন করে বাসায় ফেরার কথা জানায়। রাত ৮টার দিকে তার ফোনে কল দিলে সে লাইন কেটে দেয়। রাত সাড়ে ৮টার দিকে জানায়, কাল সকালে (রবিবার) বাসায় আসবে। এরপর থেকে তার ফোন নম্বর বন্ধ রয়েছে।’
ভাটারা থানার ওসি মোক্তার উজ জামান বলেন, ‘আমরা প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে সুমনকে খুঁজে বের করার চেষ্টা করছি। রাত সাড়ে ৮টায় সুমনের ছোট ভাইয়ের সঙ্গে সর্বশেষ কথা হয়েছে। তখন তার অবস্থান ছিল পল্টনে। যেসব নম্বর থেকে সুমনকে কল করা হয়েছে সেগুলো পাওয়া গেছে। আশা করছি শিগিগরই তাকে উদ্ধার করতে পারব।’
