চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বদর উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৯জুন) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বদর উদ্দিন দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামের মৃত দিদার মণ্ডলের ছেলে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীম কবীর জানান, শরীরে ঠাণ্ডা ও জ্বর নিয়ে সকাল ৯ টায় ওই বৃদ্ধকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবারের সদস্যরা। করোনা ভাইরাসের উপসর্গ থাকায় তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডের হলুদ জোনে রাখা হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আরো পড়ুন: নাগেশ্বরীতে বন্যা পরিস্থিতির অবনতি
সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, মারা যাওয়া বদর উদ্দিনের শরীরে করোনার ভাইরাসের উপসর্গ ছিল। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাটি কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হবে। করোনার প্রটোকল দিয়ে তার মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করা হবে।
উল্লেখ্য, এ পর্যন্ত চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১২ জন নারী-পুরুষ। এরমধ্যে সুস্থ হয়েছেন ১১৫ জন ও মারা গেছেন ৩ জন।
ইত্তেফাক/এএএম
