ইতালিতে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত ‘নিখোঁজ’

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২১:১৮

ইতালিতে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি গুপ্তচর সংস্থা। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার ওই সংস্থার কর্মকর্তা এ কথা বলেন। খবর বিবিসির।

রোমে নিযুক্ত উত্তর কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জো সং গিল উত্তর কোরীয় সরকারের একজন উচ্চ পদস্থ কর্মকর্তার ছেলে বা জামাতা হিসেবে পরিচিত ছিলেন।

এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার দৈনিক জুংআং ইলবো জানায়, গিল পশ্চিমা একটি দেশের কাছে সপরিবারে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।

এক কর্মকতার বরাত দিয়ে জুংআং জানায়, ‘গত মাসের গোড়ার দিকে তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন।’

এ কূটনীতিকের ব্যাপারে কি করা হবে সেটা নিয়ে ইতালি কর্তৃপক্ষ ‘সিদ্ধান্তহীনতায়’ রয়েছে বলেও জানানো হয়। তবে তিনি বলেন, ইতালি কর্তৃপক্ষ তার নিরাপত্তা জোরদার করে তাকে সুরক্ষিত স্থানে রেখেছে।

আরও পড়ুনঃ কর্মসূচি নিয়ে ঐক্যফ্রন্টে মতপার্থক্য, হতাশা

এর আগে পক্ষ ত্যাগ করা উত্তর কোরিয়ার কূটনীতিক ছিলেন থায়ে ইয়ং হো। তিনি ২০১৬ সালে লন্ডনে দায়িত্ব পালন করা ডেপুটি রাষ্ট্রদূতের পদ থেকে সরে দাঁড়ান।

জাতিসংঘের প্রস্তাব লংঘন করে উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা চলানোয় ইতালি তৎকালীন রাষ্ট্রদূত মুন জং নামকে বহিষ্কার করার পর ২০১৭ সালের অক্টোরব মাস থেকে ৪৮ বছর বয়সী জো রোমে পিয়ংইয়ংয়ের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছেন।

ইত্তেফাক/টিএস